প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
দেবিদ্বারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের দাফন সম্পন্না
দেবিদ্বার প্রতিনিধি : ||
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গভীর শ্রদ্ধা ও রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবুল হাশেম।রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ভৈষেরকোট গ্রামে তাঁর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং এই বীর সন্তানকে শেষ বিদায় জানান।জানা যায়, ভৈষেরকোট গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবুল হাশেম শনিবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।মৃত্যুসংবাদ পাওয়ার পর কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধানের পক্ষে একটি চৌকস দল উপস্থিত হয়ে মরহুমের প্রতি গার্ড অব অনার প্রদান করে। এ সময় জাতীয় পতাকায় মোড়ানো কফিনে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।এছাড়াও রাষ্ট্রীয় সম্মাননার অংশ হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিনের উপস্থিতিতে পুলিশ বাহিনী ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও গার্ড অব অনার প্রদান করা হয়। পুরো আয়োজন জুড়ে ছিল এক আবেগঘন পরিবেশ, যেখানে উপস্থিত সবাই বীর এই মুক্তিযোদ্ধার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।শেষ বিদায়ের মুহূর্তে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রমাণিত হয়েছে—দেশের জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন, জাতি তাঁদের কখনো ভোলে না।
বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের এই মহাপ্রয়াণে এলাকাবাসী শোকাহত হলেও তাঁর বীরত্বগাঁথা ও দেশপ্রেম আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে বলে মনে করেন সবাই।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ