প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির লক্ষ্যে বিশ্বের ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে তিনি এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, সৌদি আরবের পর মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। দেশটির শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সম্প্রতি মালয়েশিয়া সফর করে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে, যা দ্রুতই বাংলাদেশি কর্মী প্রেরণের পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ শ্রমবাজারে কর্মী পাঠানোর বিষয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে, বিশেষ করে যেসব বাজার বন্ধ বা সংকুচিত হয়ে পড়েছে সেগুলো পুনরুদ্ধারে জোর দেওয়া হচ্ছে।
বিদেশে দক্ষ জনশক্তি পাঠাতে সরকার ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ প্রকল্পের আওতায় এক লাখ দক্ষ চালক তৈরির উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব দেশে বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সেসব দেশে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ধাপে ধাপে ভিসার মেয়াদ বাড়ানো হচ্ছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় আরও চারটি দেশের সঙ্গে নতুন এমওইউ ও এমওসি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, জাপানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে এক লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এ জন্য ‘জাপান সেল’ গঠন করা হয়েছে।
তিনি জানান, ২০২৫ সালে মোট ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন বাংলাদেশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন, যার মধ্যে ৬২ হাজার ৩৫২ জন নারী কর্মীও রয়েছেন।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন