কুমিল্লার দেবিদ্বারে জমি ব্যবসায়ী জহিরুল ইসলাম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ মে ২০২৬) সকালে দেবিদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বর-এ এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নিহত জহিরুল ইসলামের পরিবারের সদস্যসহ স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী মাহফুজা বেগম, তাদের চার সন্তান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বশির আহম্মদ, আব্দুল আলীম, মিজানুর রহমানসহ আরও অনেকে। অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা অভিযোগ করেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে জহিরুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। তারা দাবি করেন, ঘটনার সাথে জড়িত সোলেমান, শাহীন ও খোরশেদসহ তাদের সহযোগীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও এখনো তাদের গ্রেফতার করা হয়নি, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
নিহতের স্ত্রী মাহফুজা বেগম মানববন্ধনে আবেগঘন বক্তব্যে বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ এখনো তাদের গ্রেফতার করছে না—এটা আমাদের জন্য খুবই কষ্টের।”
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। তারা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
শেষে মানববন্ধন থেকে নিহত জহিরুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন