কুমিল্লার দেবিদ্বার উপজেলা উপজেলার রাজামেহার ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে জান্নাত আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাত আক্তার উপজেলার রাজামেহার গ্রামের নবীন নেওয়াজের তৃতীয় মেয়ে এবং গোবিন্দপুর গ্রামের দুবাই প্রবাসী আবুল খায়েরের স্ত্রী। তাদের আবরাহাম নামে চার বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে জান্নাত আক্তারের সঙ্গে গোবিন্দপুর এলাকার মৃত শহিদুল ইসলামের চতুর্থ ছেলে প্রবাসী আবুল খায়েরের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক কলহ শুরু হয় বলে অভিযোগ রয়েছে। শুক্রবার গভীর রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জান্নাত নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন।
শনিবার সকালে পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় সেটি ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ঘরের সিলিংয়ের সঙ্গে জান্নাতের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসআই ভবতোষ কান্তি দে’র নেতৃত্বে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বাবা অভিযোগ করে বলেন, “আমার মেয়ের সংসার ভালো চললেও শাশুড়ি, ননদ ও ননদের জামাই দীর্ঘদিন ধরে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল। এসব নির্যাতন সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে দেবিদ্বার থানার তদন্ত কর্মকর্তা মো. ঈমান হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন