উৎসবমুখর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে সোহাগ আরেফিন এবং সাধারণ সম্পাদক পদে কাদের রাজু নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রুবেল।
গত ৩০ অক্টোবর (শুক্রবার) চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়। এতে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন ঘিরে পুরো সময়জুড়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নির্বাচনে কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ, সহ-সভাপতি আমিনুল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এম আর মিলন ও রিদুয়ান হৃদয়, অর্থ সম্পাদক মোহাম্মদ শাকিল, সহ-অর্থ সম্পাদক সাহেদুর রহমান মোর্শেদ, দপ্তর সম্পাদক সাফায়েত মোরশেদ, প্রচার সম্পাদক রতন বড়ুয়া, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কামরুল সিফাতউল্লাহ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোহাম্মদ জুয়েল সিকদার, সমাজকল্যাণ সম্পাদক এস. নেজাম উদ্দীন কাদেরী, সাংস্কৃতিক সম্পাদক গিয়াস উদ্দিন টিটু, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান, আপ্যায়ন সম্পাদক আছহাব উদ্দিন হিরো, নারী বিষয়ক সম্পাদক শরীফুন নাহার হ্যাপী এবং কার্যনির্বাহী সদস্য মো. রিয়াজ উদ্দিন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা এবং দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদক নূর মোহাম্মদ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, ফুলকলি লিমিটেডের জিএম এম এ সবুর এবং দৈনিক চট্টগ্রাম পোস্ট-এর সম্পাদক মোহাম্মদ আইয়ুব।
নবনির্বাচিত কমিটির প্রতি প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত সাংবাদিকরা বলেন, নতুন নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচন চট্টগ্রামের সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও পেশাগত সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন